ষোড়শ আইজেএসও: ২ ডিসেম্বর কাতার যাচ্ছে বাংলাদেশ দল
আগামী ০৩-১২ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ষোড়শ আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)। অনূর্ধ্ব–১৬ বছর বয়সীদের মেধার এ লড়াইয়ে বিশ্বের ৬৯ টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে যাচ্ছে। বিজ্ঞান-মেধার এ বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাছাইকৃত সেরা ছয় শিক্ষার্থী। তারা হলো বরিশাল ক্যাডেট কলেজের মুহতাসিন আল ক্বাফি,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অভিষেক মজুমদার সন্তু, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের কাজী তাসফিয়া জাহিন, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের জাকিয়া তাজনূর চৌধুরী দিয়া, ময়মনসিংহ জিলা স্কুলের জুহায়ের মাহদিউল আলম আশফি এবং গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আহমেদ আল-জুবায়ের আনাম।
আগামী ২ ডিসেম্বর কাতারের দোহার উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশ দল। রোববার (১ ডিসেম্বর) সোনারগাঁও হোটেলের মেঘনা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন কিশোর রোবটিয়ানরা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. রেজাউর রহমান ।
এসময় উপস্থিত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ বলেন, “এবছরের দলকে অনেকগুলো ধাপে বাছাই করা হয়েছে। এই দলটি সারাদেশকে প্রতিনিধিত্ব করছে। বিজয়ের মাসে দলটি আমাদেরকে একটি ভালো ফলাফল এনে দিবে।“
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আল- আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান জনসংযোগ কর্মকার্তা জালাল আহমেদ, বাংলাদেশ দলের দলনেতা প্রফেসর ফারসীম মান্নান মোহাম্মাদী ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।
বাংলাদেশ দলের সদস্য জাকিয়া তাজনূর চৌধুরী দিয়া বলেন, “অনেকগুলো ক্যাম্পের মাধ্যমে আমরা প্রস্তুতি নিয়েছি। বিজয়ের মাসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরে আমরা গর্বিত। আমরা বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে আশাবাদী।“